হাটহাজারীতে নিহত দুই সেনা পরিবারকে সহায়তা প্রধানমন্ত্রীর

মো.মতিয়ার রহমান: চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শহীদ সেনাসদস্যদের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে এলে তিনি এই সহায়তা প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান সরকার ও সেনাবাহিনী সব সময় তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী বলেন দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। জাতি তাঁদের এই আত্মত্যাগ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের পরিবারের সার্বিক দেখাশোনার দায়িত্ব সরকার পালন করবে। সেনাবাহিনীর পক্ষ থেকে উভয় পরিবারের স্থায়ী ঠিকানায় একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি নিহত সেনাসদস্যদের স্ত্রীদের চাকরির সংস্থান এবং সন্তানদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৯ সেপ্টেম্বর হাটহাজারীতে ফায়ারিং চলাকালে গোলা বিস্ফোরণে সৈনিক আবু বকর সিদ্দিক ও সৈনিক মো. তাসনিম রিফায়াত নিহত হন।