শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

মো.মতিয়ার রহমান: বাংলাদেশের শিক্ষা মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। আজ বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে পাঠানো একটি অভিনন্দনপত্র রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। রাষ্ট্রপতি এ শুভেচ্ছা ও অভিনন্দনপত্রের জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আলোচনায় রাষ্ট্রপতি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ কমনওয়েলথ শিক্ষাবৃত্তি বৃদ্ধি এবং দেশের প্রযুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে সহযোগিতা কামনা করেন। তিনি যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন এবং দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরেন।

সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার জানান এলডিসি LDC থেকে উত্তরণের পরও বাংলাদেশের প্রায় ৯৯.৯৯ শতাংশ পণ্য পরবর্তী তিন বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। এছাড়া দুই দেশের মধ্যে ডিজিটাল ক্লাইমেট ডাটা বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে যা আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন।