তরুণদের বৈশ্বিক গ্রহণযোগ্যতা বাড়াতে অভিন্ন প্রশিক্ষণ ও সনদায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

মো.মতিয়ার রহমান: দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানসম্পন্ন সনদ প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে দেশের তরুণদের দক্ষতা গ্রহণযোগ্যতা  বৈশ্বিক স্বীকৃতি বহুগুণ বাড়বে।

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এনএসডিএ গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যুবসমাজের দক্ষতা উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় পৃথক প্রশিক্ষণ পরিচালনা করলেও সমন্বয়হীনতার কারণে সনদগুলোর কাঙ্ক্ষিত স্বীকৃতি মিলছে না। এ সমস্যা সমাধানে এনএসডিএ-কে একটি ছোট কমিটি গঠনের মাধ্যমে দ্রুত সমন্বিত নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন তিনি। সভায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক চাহিদার ভিত্তিতে খাতভিত্তিক দক্ষতা বিশ্লেষণ প্রশিক্ষণ ব্যবস্থার মানোন্নয়ন এবং সনদের পারস্পরিক স্বীকৃতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে এনএসডিএ-র প্রশাসনিক কাঠামো শক্তিশালীকরণ স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রী উপদেষ্টা এবং এনএসডিএ-র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।