তরুণদের নিয়ে রাষ্ট্র পুনর্গঠন পরিচ্ছন্ন দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মো. মতিয়ার রহমান: দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ সমাজ দেশকে পরিবর্তন করতে পারে যা ২০২৪ সালের ৫ আগস্ট বিশ্বকে দেখিয়ে দিয়েছে এবার আমরা সবাই মিলে রাষ্ট্রকে পুনর্গঠন করি।

শনিবার ১২ সেপ্টেম্বর সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি ১২ ডিসেম্বর পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে চলবে। প্রধানমন্ত্রী আরও বলেন স্কাউটস বিএনসিসি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে সম্মিলিত চেষ্টার মাধ্যমে আগামী তিন মাসে ডেঙ্গু সমস্যা অন্তত ৮০ শতাংশ দূর করা সম্ভব। জমে থাকা পানি প্লাস্টিক-বর্জ্য থেকে এডিস মশা জন্ম নেয় উল্লেখ করে তিনি যত্রতত্র ময়লা ফেলা বন্ধের আহ্বান জানান। নিজ ঘরবাড়ি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দেওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান তিনি। কাজ কাজ আর কাজ পরিচ্ছন্নতাই আমাদের লক্ষ্য—এই মূলমন্ত্র বাস্তবায়নে গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।