নাগরিকের বাক-স্বাধীনতা সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

মো.মতিয়ার রহমান: সরকার নাগরিকদের বাক-স্বাধীনতা রক্ষা এবং ব্যক্তিগত সুরক্ষা বিধানে অত্যন্ত সচেতন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার ১৩ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের আইআরআই রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি’র নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে সাইবার অপরাধ অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন ২০২৬ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রতিটি নাগরিকের মতপ্রকাশ গঠনমূলক সমালোচনার অধিকার রয়েছে। তবে গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন এক বিষয় নয়। তিনি জানান আন্তর্জাতিক সম্প্রদায় গণমাধ্যম ব্যক্তিত্ব সিনিয়র সম্পাদক ও সুশীল সমাজের অংশীজনদের মতামতের ভিত্তিতে আইনটি পরিমার্জন করা হচ্ছে। এই আইনের মূল লক্ষ্য ডিজিটাল স্পেসে শালীনতা ফিরিয়ে আনা নারী ও তরুণদের সাইবার হয়রানি থেকে রক্ষা করা এবং সাংবাদিকদের জন্য পেশাগত সুরক্ষা নিশ্চিত করা।

সাক্ষাৎকালে আইআরআই প্রতিনিধিদল তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীদের সাইবার বুলিং প্রতিরোধে আইনগত সুরক্ষার আহ্বান জানায়। বৈঠকে সংসদ সদস্য হেলেন জেরিন খান অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমদ যুগ্মসচিব রেবেকা খানসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।