
মো.মতিয়ার রহমান: রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ নিরাপদ প্রত্যাবাসন পরবর্তীতে মিয়ানমারে তাদের পুনর্বাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিয়ানমারে জাতীয় সমঝোতা বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন জনবহুল বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘস্থায়ী উপস্থিতি দেশের অর্থনীতি অবকাঠামোয় তীব্র চাপ সৃষ্টি করেছে। প্রত্যাবাসন নিশ্চিত হলে রোহিঙ্গাদের শিক্ষা স্বাস্থ্যসহ জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে। সংকট সমাধানে জাপানের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। জাপানের বিশেষ দূত জানান রাখাইন প্রদেশের জটিল পরিস্থিতির কারণে প্রত্যাবাসনে সময় লাগলেও মিয়ানমার সরকার সংকট সমাধানে আন্তরিক। তিনি ব্যক্তিগতভাবে এ বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাসের পাশাপাশি রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাপানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির পরিবেশ সৃষ্টি এবং একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনে জাপানের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



