
মো.মতিয়ার রহমান: দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির নির্দেশনাবলী প্রদান করেন আগামী শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন।
আসন্ন তিন মাসকে ডেঙ্গুর জন্য চরম ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে এতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। কেবল প্রথাগত মশকনিধনের ওপর নির্ভর না করে সমন্বিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিকেই এবার প্রধান কৌশল হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই কর্মসূচির সফল বাস্তবায়নে প্রশাসনিক সমন্বয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন জেলা পর্যায়ে জেলা প্রশাসক উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা মাঠপর্যায়ের সমস্ত কার্যক্রম পরিচালনা ও পর্যবেক্ষণ করবেন। অভিযানের অংশ হিসেবে প্রতি শনিবার স্কাউট বিএনসিসি গার্ল গাইডস রেড ক্রিসেন্ট ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা একযোগে মাঠে নামবেন। তারা বাসাবাড়ি শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরে গিয়ে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করবেন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন। একই সাথে গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক প্রচার চালানোর কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
উক্ত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



