ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

মো.মতিয়ার রহমান: সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে আজ ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এ সময় বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাক্ষাৎকালে উভয় নেতা দ্বিপক্ষীয় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। রাষ্ট্রপতি ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে ভুটানের প্রথম স্বীকৃতির ঐতিহাসিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরো মজবুত করতে ভুটানের রাজা তাঁর পরিবারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ভুটানের রাজা নবগঠিত সরকারের সঙ্গে শিক্ষা বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি তাঁর স্বপ্নের গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এতে বাংলাদেশের অংশীদারত্ব কামনা করেন। রাষ্ট্রপতি এই রূপান্তরমূলক উদ্যোগে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে সকাল সাড়ে ৬টার দিকে রাজকীয় বিমানটি ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।