
মো.মতিয়ার রহমান: পলিথিন প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার কঠোর হস্তে দমনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ সংস্থাসমূহকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালনের তাগিদ দেওয়া হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভা’য় প্রধানমন্ত্রী এই নির্দেশ প্রদান করেন। পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির গণমাধ্যমকে সভার বিস্তারিত অবহিত করেন। সভায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিবেশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে বায়ু পানি মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া প্রচলিত ইটের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে ব্লক ইট-এর ব্যবহার বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনায় সড়ক পরিবহন সেতু মন্ত্রী শেখ রবিউল আলম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।



