ঢাকার চারপাশে নৌপথ সচল নদী দূষণমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মো.মতিয়ার রহমান: রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল এবং নদীগুলোকে দূষণমুক্ত করার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক বিশেষ পর্যালোচনা বৈঠকে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

ঢাকার বৃত্তাকার নৌপথ সক্রিয় করার পাশাপাশি বেসরকারি খাতের আগ্রহকে কাজে লাগিয়ে ওয়াটার বাস চলাচলের পথ সুগম করা হবে। এতে করে নগরীর সড়কপথের ওপর যানজটের চাপ অনেকাংশে হ্রাস পাবে প্রধানমন্ত্রী কেবল নৌপথ সচল করার মধ্যেই সীমাবদ্ধ না থেকে নদীর নাব্যতা বজায় রাখা পানিপ্রবাহ স্বাভাবিক করা সামগ্রিক ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একই সাথে নদীর তীরের ওয়াকওয়েগুলোর পাশে ফলজ ও বনজ গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা সৌন্দর্য বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান সড়ক পরিবহন পরিবেশ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নদীকেন্দ্রিক পরিবেশ যাতায়াত ব্যবস্থার টেকসই সংস্কারের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। সরকারের এই সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার যানজট নিরসন ও পরিবেশ সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।