অদম্য তিন প্রতিবন্ধীকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী

মো.মতিয়ার রহমান: শারীরিক ও সামাজিক প্রতিবন্ধকতা জয় করে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্নে এক নতুন মাত্রা যোগ হলো তিন অদম্য বীরের জীবনে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশ সচিবালয়ে তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে সিরাজগঞ্জের নীলা খাতুন ও গাইবান্ধার আয়শা আক্তার দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই হাত না থাকলেও তারা পা দিয়ে লিখে অদম্য সাহসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে নীলা খাতুন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক আয়শা আক্তার গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুলে ক্লাস সুপারভাইজার পদের নিয়োগপত্র গ্রহণ করেন। অন্যদিকে দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র পেয়ে চরম উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।