
মো.মতিয়ার রহমান: প্রযুক্তির দ্রুত বিকাশ ও ডিজিটাল ইকোসিস্টেমের বিস্তারের ফলে সৃষ্ট নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান আইন বিধি ও নীতিমালা সময়োপযোগী করা হবে। প্রয়োজনে নতুন আইন প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন বর্তমান সময়ে মানুষের যোগাযোগ ও সামাজিক আচরণের সঙ্গে ডিজিটাল প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। প্রযুক্তি যেমন আশীর্বাদ এনেছে তেমনি নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জও তৈরি করেছে ডিজিটাল প্ল্যাটফর্মের বিকাশের ফলে সৃষ্ট অসংখ্য নতুন মাধ্যম প্রচলিত আইনের বাইরে রয়েছে যা সুশৃঙ্খল আইনি কাঠামোর আওতায় আনা জরুরি।
মন্ত্রী আরও জানান উন্নত দেশগুলোর আইন ও অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশের নিজস্ব বাস্তবতার নিরিখে দ্রুত সুপারিশ প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। সাইবার জগৎ ও ডিজিটাল ট্রান্সমিশনকে সুশৃঙ্খল করতে প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হবে। সভায় মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



