
মো.মতিয়ার রহমান: নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ শনিবার সকাল ১০টা ২৭ মিনিটে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন-বইয়ে স্বাক্ষর করেন। মন্তব্যে তিনি বীর শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। পরিদর্শন-বইয়ে তিনি বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পদ্ম বৃক্ষের চারা রোপণ করেন। এর আগে সেখানে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় সশস্ত্র বাহিনীর তিন প্রধানসহ সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



