সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে: প্রধানমন্ত্রী

মো.মতিয়ার রহমান: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন জাতীয় সংকট মোকাবিলা দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। একটি সেনা পরিবারে বড় হওয়ার স্মৃতিচারণ করে তিনি সেনাসদস্যদের এই আস্থা ধরে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। সরকার সেনাবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নে সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বিস্তীর্ণ জঙ্গল ও দুর্গম এলাকায় সেনাসদস্যদের যুদ্ধকালীন প্রস্তুতি এবং শত্রুপক্ষের ড্রোন প্রতিরোধে ব্যবহৃত আধুনিক অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে তিনি সেনাসদস্যদের সাথে মাটিতে বসে মাঠপর্যায়ের অভিজ্ঞতা শোনেন যুদ্ধক্ষেত্রের পরিবেশে মোমের আগুনে তাৎক্ষণিক প্রস্তুতকৃত সাধারণ খাবার ভাত ডাল আলুভর্তা ও তরকারি গ্রহণ করেন।

মহড়াকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।