
মো.মতিয়ার রহমান: দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে দলের স্থায়ী কমিটির বিশেষ বৈঠকের শুরুতে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্থায়ী কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে স্বাগত জানান।
রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। বৈঠক চলাকালে প্রেস ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন বিএনপির পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি রাষ্ট্রপতি পদে আমাদের দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে। মহাসচিবের শূন্য পদ পূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রিজভী জানান পরবর্তী মহাসচিব নির্বাচনের বিষয়ে পূর্ণ দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছে। তিনি জ্যেষ্ঠ নেতাদের মতামত নিয়ে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
বেলা ১২টায় শুরু হওয়া স্থায়ী কমিটির এই বৈঠকে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ চিফ হুইপ ও হুইপগণ অংশ নেন। বৈঠক চলাকালে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন।



