
মো.মতিয়ার রহমান: জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান সকল বিতর্কের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই সনদ নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জুলাই আন্দোলনের মাধ্যমে দেশে নতুন রাষ্ট্র গঠনের যে অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বিরোধী দলকে নেতিবাচক মানসিকতা পরিহার করে সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণের আহ্বান জানান এবং পরবর্তী প্রজন্মের সুরক্ষায় সংসদীয় ফোরামে আলোচনার ওপর জোর দেন।
মির্জা ফখরুল বলেন বর্তমান সরকার দেশের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। একটি ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর। দীর্ঘ ১৬ বছরের পুঞ্জীভূত প্রশাসনিক অপকর্ম ও গণমাধ্যমের তোষামোদি সংস্কৃতি থেকে প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করতে বড় ধরনের সংস্কারের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।



