জাপানের কাছে মানবসম্পদ উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মো.মতিয়ার রহমান: মানবসম্পদ উন্নয়ন দক্ষতা বৃদ্ধি ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারিত্ব সুদৃঢ়করণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। এ ছাড়া বাংলাদেশে জাপানি কোম্পানির বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের মতো নতুন কোনো শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

আলোচনায় আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন এবং চলমান ম্যাস র‍্যাপিড ট্রানজিট এমআরটি প্রকল্পের অগ্রগতিসহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতা স্থান পায়।