সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

মো.মতিয়ার রহমান: সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় পুরোহিত সেবাইতদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে যুগে যুগে কংস চরিত্রের মানুষেরা বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। দেশের গণতন্ত্রকামী জনগণ হাজারো প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছে। বর্তমান সরকার এখন ভঙ্গুর অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সংস্কার করে দেশ পুনর্গঠনে কাজ করছে। তিনি স্পষ্ট করেন বর্তমান গ্লোবাল ভিলেজে সংখ্যাগুরু সংখ্যালঘু পরিচয় কোনো মুখ্য বিষয় নয়। সবার গর্বিত পরিচয়—আমরা বাংলাদেশী। সরকার ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাবার অধিকার সবার নীতিতে বিশ্বাস করে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারাদেশের পুরোহিত সেবাইতদের মাঝে সম্মানী বিতরণ করেন। অনুষ্ঠানে মন্ত্রী উপদেষ্টা ও সনাতন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।