স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

মো.মতিয়ার রহমান: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় নেতা বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ সংসদীয় প্রতিনিধিদলের সফর রোহিঙ্গা সংকট প্রত্যাবাসন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বৈঠকে স্পিকার বলেন পারস্পরিক শ্রদ্ধা এবং অখণ্ড সার্বভৌমত্বের ওপর ভিত্তি করেই দু’দেশের সম্পর্কের আগামী দিনগুলো নির্ধারিত হওয়া উচিত। বিগত সময়গুলোতে দুই দেশের সম্পর্ক প্রধানত সরকারকেন্দ্রিক থাকলেও ২০০৮ থেকে ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে পুনরায় গণতন্ত্রের পথযাত্রা সুগম হয়েছে। তাই ভবিষ্যতে জনগণের সঙ্গে জনগণের সুসম্পর্ককেই এই দুই প্রতিবেশী দেশের মূল ভিত্তি হিসেবে প্রাধান্য দেওয়ার ওপর তিনি জোর দেন।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান ভারত সরকার জনগণের সঙ্গে সংযোগ জোরদারে অত্যন্ত আগ্রহী সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তিনি ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকারকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান সংসদীয় কূটনীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে উভয় দেশের সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।