
মো.মতিয়ার রহমান: দেশের পাহাড় ধস ও বন্যা কবলিত এলাকার সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সরাসরি মনিটরিং করছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য ও ত্রাণ সহায়তা অব্যাহত রাখার কঠোর নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনে আগামী তিন মাস পর্যন্ত এই সর্বাত্মক সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রম চলবে। তিনি আরও জানান দুর্যোগ মোকাবিলায় সরকারের একাধিক মন্ত্রী মাঠপর্যায়ে কাজ করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে প্রস্তুত রয়েছে। তিন পার্বত্য জেলাসহ বন্যাকবলিত পাঁচ জেলার সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন পাহাড়ি ঢল ও বন্যার বর্তমান সংকট রাতারাতি তৈরি হয়নি। বছরের পর বছর কাপ্তাই হ্রদের নাব্যতা হ্রাস পাওয়া এবং প্রকৃতির ওপর মানুষের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের ফলেই আজ এই বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
রাঙামাটির ভেদভেদী আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণকালে তিনি বলেন অতীতে এই নাব্যতার বিষয়টি নিয়ে দীর্ঘমেয়াদি চিন্তা করা হয়নি যা এখন নতুন করে ভাবার সময় এসেছে। এই পরিবেশগত বিপর্যয় ও প্রাকৃতিক সংকট সফলভাবে মোকাবিলা করতে হলে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.